বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির জগন্নাথ হলসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

সংগৃহীত ছবি
বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির নেতারা ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
আজ সোমবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কলাবাগান ও ফার্মগেটের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
জগন্নাথ হলে পূজামণ্ডপ পর্যবেক্ষণকালে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কমিটির সদস্যসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যুবদল নেতা পার্থদেব মণ্ডল, চারুকলা অনুষদের শিক্ষক সঞ্জয় দে রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বক্তব্য রাখেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপির নীতি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। এই নীতির আলোকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠন করছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
‘শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেজন্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে’, যোগ করেন তিনি।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি সামাজিক ঐক্যের এক অনন্য মেলবন্ধন। এই সম্প্রীতি, ঐক্য ও মেলবন্ধন অটুট ও শক্তিশালী করে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। আমাদের সকলের উচিত, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে দেশ পুনর্গঠনে তাকে সহযোগিতা করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উৎসাহ ও নির্দেশনায় এবার মহাসমারোহে পূজা উদযাপন হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ, জিএস সুদীপ্ত পরামানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির নেতারা এক সভায় মিলিত হন। সভায় সারা দেশে দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন এলাকার প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
সভা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী নিজ নিজ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো, পূজা উদযাপনে সহযোগিতা জোরদার করা এবং পূজামণ্ডপের নিরাপত্তা বিধানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানিয়ে বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।



