জামায়াত আমির শ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছেন: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ইনসেটে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে চলমান শ্রমিক আন্দোলনের উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সঙ্গে তাকে আইনের আওতায় আনা উচিত কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশবাসীর প্রতি কাছে এ প্রশ্ন রাখেন মো. রাশেদ খাঁন।
তিনি লেখেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দিব!’ লং মার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে? জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গতকাল (রবিবার) মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সেটিই হয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশবিরোধী শক্তিগুলো।’
জামায়াত-এনসিপি শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছে উল্লেখ করে তিনি লেখেন, ‘সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরেও গতকাল জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিল। আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকাপ ও গার্মেন্টসে আগুন লাগিয়ে চলে যায়। ওই আগুন লাগানোর ঘটনায় এরই মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে।’
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগ কর্তৃক অগ্নিসন্ত্রাসের উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে কি আইনের আওতায় আনা উচিত নয়?’



