আগামীর চোখ
‘সকলেরই বাপু ভালোবাসা দরকার’

গ্রাফিকস: আগামীর সময়
নিউ ইয়র্কের কুকুর মেয়র মাচকার প্রতি কারওয়ান বাজারের নেড়ি কুকুর সমাজের সংবর্ধনা
শ্রদ্ধেয়
হে মাচকা
কুকুর মেয়র, নিউ ইয়র্ক সিটি
আমাদের লেজ আজ আনন্দে নেচে উঠেছে। আপনার ঐতিহাসিক বিজয়ে কারওয়ান বাজারের সর্বস্তরের নেড়ি, আধা নেড়ি, ফুটপাতবাসী, ডাস্টবিননির্ভর ও উচ্ছিষ্টভোজী কুকুর সমাজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও বিপুল ঘেউ ঘেউ।
আপনি প্রমাণ করেছেন, গণতন্ত্র এখনো মানুষের একচেটিয়া সম্পত্তি হয়ে যায়নি। তিনটি পা নিয়েও একটি নগরীর মেয়র হওয়া যায়, অভিবাসী হয়েও ভালোবাসা পাওয়া যায়, এমনকি কুকুর হয়েও মানুষের মর্যাদাপূর্ণ প্রতিনিধিত্ব করা যায়। আপনার এই বিজয় আমাদের মতো চতুষ্পদ প্রাণীদের কাছে নিছক নির্বাচনী ফল নয়, এক নতুন সভ্যতার ইশতেহার।
আমরা জেনেছি, আপনার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল পোষা প্রাণীবান্ধব আবাসন এবং গৃহহীন মানুষের আশ্রয়কেন্দ্র বাড়ানো। মানুষ ও তার পোষা প্রাণী যাতে বিপদে-আপদে একসঙ্গে থাকতে পারে। আপনার এই মানবিক অঙ্গীকারে আমাদের চোখে জল এসেছে। কারণ, আমাদের এখানে মানুষের মাথার ওপর ছাদ নেই, কুকুরের মাথার ওপরও নেই। তবে মানুষের জন্য উচ্ছেদ অভিযান, আর আমাদের জন্য নিধন অভিযান— রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই সামান্য পার্থক্যটুকু বজায় রাখা হয়।
মানুষ ও তার পোষা প্রাণী যাতে বিপদে আপদে একসঙ্গে থাকতে পারে
আমরা শুনেছি, আপনার জন্ম তুরস্কের রাস্তায়। গাড়ির ধাক্কায় একটি পা হারিয়েছেন, ভূমিকম্পে হারিয়েছেন প্রথম আশ্রয়দাতা পরিবার। সেই আপনিই আজ নিউ ইয়র্কের মেয়র। অথচ আমাদের সমাজে গাড়ির ধাক্কায় পা হারানো কুকুরের জন্য হাসপাতাল তো দূরের কথা, রাস্তার পাশে একটু মরার জায়গাও জোটে না। আপনার জন্য নির্বাচনী প্রচার হয়েছে, আমাদের জন্য পরিচ্ছন্নতা অভিযান হবে।
আপনার এই বিজয় আমাদের মনে করিয়ে দিয়েছে কবীর সুমনের সেই অমোঘ উপলব্ধি— ‘সকলেরই বাপু ভালোবাসা দরকার।’ তবে আমরা জানি, ভালোবাসারও শ্রেণিবিভাগ আছে। কেউ জিমি, টমি, টাইগার হয়ে প্রভুর বিছানায় ঘুমায়; কেউ কারওয়ান বাজারের নেড়ি হয়ে প্রভুর গাড়ির নিচে ঘুমায়।
হে মেয়র মাচকা, আপনার কোনো বেতন নেই, সরকারি সুযোগ-সুবিধা নেই। তবু আপনি মেয়র।
পরিশেষে, আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি। আপনার মেয়রত্বে নিউ ইয়র্কের সব কুকুর যেন নাগরিক অধিকার পায়। আর আমাদের জন্য আপনার কাছে একটাই আবেদন— মানুষকে একটু কুকুর হতে শেখান। অন্তত বিশ্বস্ততা, সহমর্মিতা আর বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর ব্যাপারে।
ইতি
কারওয়ান বাজারের সর্বস্তরের নেড়ি কুকুর সমাজ



