দক্ষিণ কোরিয়ায় এনসিপি নেতাদের সংবর্ধনা, বুসান আঞ্চলিক কমিটি ঘোষণা

ছবি: আগামীর সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে বুসান আঞ্চলিক কমিটি, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া শাখা।
শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টায় বুসানের গারাম আর্ট হলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়া শাখার সদস্য সচিব বাবুল মিয়া, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জুনায়েদ শুভ জুয়েলসহ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রবাসীদের মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো এবং দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে সব জাতিগোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক নেতৃত্বকে জনগণের কাছে জবাবদিহির আওতায় রাখার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রবাসীদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে পাঠানো গেলে ব্যক্তি ও রাষ্ট্র উভয়ই লাভবান হবে। প্রবাসীদের অর্জিত শিক্ষা, অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং নীতিনির্ধারণে কাজে লাগানোর সুযোগ তৈরির ওপর তিনি গুরুত্ব দেন। জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথাও তিনি স্মরণ করেন।
মতবিনিময় সভায় প্রবাসী নেতৃবৃন্দ এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, দেশে ফেরার অনুকূল পরিবেশ তৈরি এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার অনুমোদনে বুসান আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে ঘোষিত কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত বুসান আঞ্চলিক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-
আহ্বায়ক: নাজমুল হোসেন রনি
যুগ্ম আহ্বায়ক: তুষার রাশি
যুগ্ম আহ্বায়ক: আবির হাসান
সদস্য সচিব: আহবাব মিয়া
যুগ্ম সদস্য সচিব: শাকিল হাসান স্বাধীন
সাংগঠনিক সম্পাদক: মো. ওয়াহিদ ফেরদৌস
সহ-সাংগঠনিক সম্পাদক: তৈয়বুর রহমান সিরাম
অর্থ সম্পাদক: মো. রায়হান কবীর।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়া শাখার আহ্বায়ক মো. আরিফুর রহমান ও সদস্য সচিব বাবুল মিয়া নবগঠিত কমিটির অনুমোদন করেন।
নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত বুসান আঞ্চলিক কমিটি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের গণতান্ত্রিক ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।



