কুয়েতে খাদ্যপণ্য মাপে কম দেওয়ায় বাংলাদেশিসহ ৪ প্রবাসীর কারাদণ্ড

রেশনের চাল-ডালের ওজনে কারসাজি করায় বাংলাদেশিসহ চার প্রবাসীকে কারাদণ্ড দিয়েছে কুয়েতের এক আদালত। দেশটির জাহরা গভর্নরেটের একটি কো-অপারেটিভ সোসাইটিতে ঘটে এই ওজন জালিয়াতির ঘটনা। এতে ফুড সাপ্লাই শাখার এক ম্যানেজারকে ৩ হাজার কুয়েতি দিনার জরিমানা এবং চার প্রবাসীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সাজাপ্রাপ্ত চার প্রবাসীর মধ্যে একজন বাংলাদেশি, একজন মিসরীয় এবং দুজন ভারতীয় নাগরিক রয়েছেন।
আদালত ও তদন্ত সূত্রে জানা যায়, অভিযুক্তরা কো-অপারেটিভ সোসাইটির শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ অজ্ঞাতে এবং কোনো বৈধ অনুমোদন ছাড়াই অত্যন্ত চতুরতার সঙ্গে সরিয়ে ফেলছিলেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। তারা প্রতিবার বিক্রির সময় ২৫০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত পণ্য মাপে কম দিতেন। দীর্ঘ সময় ধরে সাধারণ ক্রেতাদের চোখ এড়িয়ে একটি বিশাল দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন তারা।
পরবর্তী সময়ে একজন সচেতন কুয়েতি নাগরিকের তীক্ষ্ণ দৃষ্টি ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে এই চক্রের পুরো অপতৎপরতা এবং জড়িতদের সংশ্লিষ্টতা প্রমাণ করে।
পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে আদালতে সোপর্দ করা হয় এবং বিচারকার্য শেষে আদালত তাদের এই সাজা প্রদান করেন। প্রসিকিউশনের শক্ত প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালতের দেওয়া এই রায়কে কুয়েতের বাণিজ্যিক ও সমবায় খাতের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।



