প্রবাসীদের বেতন সুরক্ষায় কুয়েত কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান
- সন্দেহজনক বেতন লেনদেনে ছয় মাসের ব্যাংক হিসাব পরিক্ষা

কুয়েতে প্রবাসী কর্মীদের বেতন জালিয়াতি এবং ব্যাংক হিসাবে মজুরি জমা হওয়ার পর তা পুনরায় নিয়োগকর্তার কাছে ফেরত নেওয়ার মতো দীর্ঘদিনের অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকিং লেনদেনে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্বল্প আয়ের শ্রমিকদের ন্যায্য মজুরি সুরক্ষায় এই নতুন নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মীর ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যাংককে বাধ্যতামূলকভাবে ওই হিসাবের বিগত ছয় মাসের লেনদেনের ইতিহাস খতিয়ে দেখতে হবে।
আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নীতিমালায় বেসরকারি খাতের মাসে ৩০০ কুয়েতি দিনার বা তার কম বেতনভুক্ত কর্মীদের বিশেষ সুরক্ষার আওতায় আনা হয়েছে।
নতুন নিয়মে, এসব কর্মীর নির্ধারিত ব্যাংক হিসাব থেকে ২৫ দিনার বা তার বেশি অর্থ উত্তোলন, স্থানান্তর কিংবা যেকোনো ধরনের পরিশোধের ক্ষেত্রে দ্বিস্তরীয় পরিচয় যাচাই বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া বেতন জমা হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোট বেতনের ৮০ শতাংশ বা তার বেশি অর্থ উত্তোলন কিংবা স্থানান্তরের ঘটনা বারবার ঘটলে ব্যাংক তাৎক্ষণিকভাবে সেটিকে সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত করবে।
একইসঙ্গে প্রবাসী কর্মীদের এটিএম কার্ড ও পিন নম্বর নিয়োগকর্তার কাছে জিম্মি রাখা কিংবা বেতন পরিশোধের পর জোরপূর্বক সেই অর্থ ফেরত নেওয়ার মতো অভিযোগগুলোও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো সন্দেহজনক লেনদেন নজরে আসার সর্বোচ্চ দুই কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে প্রাথমিক তদন্ত বা পর্যালোচনা শেষ করতে হবে।
অভিযোগের সত্যতা ও পর্যাপ্ত প্রমাণ মিললে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিষয়টি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে অবহিত করবে ব্যাংক। এর ফলে দীর্ঘদিন ধরে বেতন-বৈষম্য ও প্রতারণার শিকার হওয়া প্রবাসী কর্মীদের আর্থিক অধিকার রক্ষায় নতুন দ্বার উন্মোচিত হবে।
কুয়েতে কর্মরত সাধারণ প্রবাসীদের মতে, অনেক সময় চাকরি হারানো বা ভিসা জটিলতার ভয়ে নিয়োগকর্তার বিরুদ্ধে বেতনসংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলতে সাহস পান না শ্রমিকরা।
নতুন এই নির্দেশনা বাস্তবায়িত হলে শ্রমিকদের অভিযোগের অপেক্ষা না করে সরাসরি ব্যাংকিং লেনদেনের তথ্যের মাধ্যমেই এসব অনিয়ম শনাক্ত করা সম্ভব হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে কুয়েতের জিলিব আল-শুয়ুখ এলাকায় কর্মরত প্রবাসী কর্মী মোহাম্মদ সোহেল রানা বলেন,আমরা প্রবাসে অনেক কষ্ট করে কাজ করি।মাস শেষে যে বেতন পাই, সেটাই দেশে থাকা পরিবারের একমাত্র ভরসা।
কিন্তু অসাধু কিছু প্রতিষ্ঠানের কারণে বেতন ব্যাংকে জমা হওয়ার পরও সেই টাকা নিজেদের কাছে রাখা সম্ভব হয় না।কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে শ্রমিকদের বেতন নিয়ে অনিয়ম অনেকটাই কমবে।
একই বিষয়ে খাইতান এলাকার প্রবাসী শ্রমিক আবদুল করিম বলেন,আমাদের মতো স্বল্প আয়ের প্রবাসীদের জন্য প্রতিটি দিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায্য বেতন সময়মতো পাওয়া এবং সেই টাকা নিজের প্রয়োজনে ব্যয় করার অধিকার সবার রয়েছে।
ব্যাংকগুলো যদি সত্যিকার অর্থে লেনদেন নজরদারি করে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, তাহলে সাধারণ প্রবাসী শ্রমিকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।
গত ২৮ সেপ্টেম্বর চালু হওয়া কুয়েত ওয়েজ পেমেন্ট সিস্টেমের পরিপূরক হিসেবে নতুন এ নির্দেশনাগুলো দেয়া হয়েছে। এর উদ্দেশ্য নতুন এই নীতিমালা কার্যকর হলে কুয়েতের শ্রমবাজারে বেতনসংক্রান্ত প্রতারণা ও অনিয়ম উল্লেখযোগ্য হারে কমে আসবে,নিয়োগকর্তাদের জবাবদিহি নিশ্চিত হবে এবং প্রবাসী কর্মীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।



