আগামীর সময়

গুরুতর অপরাধীদের নাগরিকত্ব বাতিলের বিধানে অনড় পর্তুগালের বিরোধী দল

গুরুতর অপরাধীদের নাগরিকত্ব বাতিলের বিধানে অনড় পর্তুগালের বিরোধী দল

সংগৃহীত ছবি

পর্তুগালে গুরুতর অপরাধে জড়িতদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিধান বাস্তবায়নে কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির ডানপন্থী বিরোধী দল ‘শেগা’-এর নেতা আন্দ্রে ভেনচুরা। তিনি স্পষ্ট করেন, ‘যারা পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার পর গুরুতর অপরাধে জড়িত হয়, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার মূল নীতি থেকে শেগা এক চুলও নড়বে না।’ গত সোমবার এক সংবাদ সম্মেলনে ভেনচুরা এ মন্তব্য করেন।

সরকার সমাজতন্ত্রীদের খুশি করতে গিয়ে নিজেদের আদর্শ বিসর্জন দিচ্ছে বলে অভিযোগ তুলে তিনি মত দেন, সরকারি দলের সাথে সমঝোতা বাদ দিয়ে নতুন করে অন্য কিছু ভাবার আগেই সরকারকে সঠিক পথে এগুতে হবে।

নাগরিকত্ব আইনের নতুন সংস্করণে দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) প্রস্তাব করে, কেবল ৬ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধীদের নাগরিকত্ব বাতিল হবে এবং ১৫ থেকে ২৫ বছর পর পুনরায় নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে। তবে ভেনচুরা এই নমনীয়তাকে মেনে নিতে নারাজ।

তিনি যুক্তি দেন, ‘যারা পর্তুগিজ ভাষা জানে না কিংবা পর্তুগিজ সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা নেই, তারা কোনোভাবেই এ দেশের নাগরিক হতে পারে না।’ এছাড়া অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব না দেওয়া এবং নাগরিকত্ব পাওয়ার পর সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর নির্ভরশীল না হওয়ার শর্তগুলো নিশ্চিত করার দাবি জানিয়েছে শেগা।

    শেয়ার করুন: