শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনটির নেতারা ধাপে ধাপে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৮ শতাংশে উন্নীত করার দাবি জানান।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা অভিযোগ করেন, দক্ষিণ এশিয়ায় শিক্ষা খাতে বরাদ্দের দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন বাংলাদেশের অবস্থান। তিনি উল্লেখ করেন, ইউনেসকো সম্মেলনে সরকার শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করা হয়নি।
তার ভাষ্য, বহুধাবিভক্ত শিক্ষাব্যবস্থা বৈষম্য সৃষ্টি করছে সমাজে। তাই একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সর্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। পাশাপাশি প্রাথমিক স্তরে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানান তিনি।
মাহির শাহরিয়ার রেজা মন্তব্য করেন, সরকার দাবি বাস্তবায়নে গড়িমসি করলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সালমান রাহাত, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সুজন ও সদস্য প্রশান্ত কৈরী।
সমাবেশ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, প্রাথমিকে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল ও শরীরচর্চা এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া এবং একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সর্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করা।




