যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা

পাসপোর্টের ছবি
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করেছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।
আজ শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে তারা।
পোস্টে বলা হয়েছে, ‘আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্যও বিবেচিত হতে পারেন।’
দেশটির অভিবাসন আইনে কিছু অপরাধের জন্য ভিসা পাওয়ার অযোগ্যতার বিধান রয়েছে। কোনো ব্যক্তি অপরাধে দোষী সাব্যস্ত হলে বা তার কর্মকাণ্ড আইনে নির্ধারিত অযোগ্যতার শর্তের আওতায় পড়লে ভিসার আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।
কিছু ক্ষেত্রে ভবিষ্যতে আবার আবেদন করার সুযোগ থাকে। তবে কিছু অযোগ্যতা দীর্ঘস্থায়ী বা স্থায়ী হতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, কোনো ব্যক্তির অতীত বা বর্তমান কর্মকাণ্ডের কারণে তার ভিসা পাওয়ার যোগ্যতা প্রভাবিত হতে পারে।
অপরাধমূলক কর্মকাণ্ড, মাদকসংক্রান্ত অপরাধ, প্রতারণা বা ভিসার আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের মতো বিষয় ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।



