যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

সংগৃহীত ছবি
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।
গ্রেপ্তাররা হলেন–মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও মো. ইমরান (৩৪)।
আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
পুলিশ জানায়, যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্নসংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সজীব ও হিমুর দেওয়া তথ্য অনুযায়ী একটি কক্ষের খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি ও ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।
আগের অস্ত্র উদ্ধারের সঙ্গে যোগসূত্র
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সজীবকে ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদকের কারবারি হিসেবে পরিচিত সজল ওরফে অটো সজলের ছোট ভাই হিসেবে শনাক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২ মার্চ মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়। তদন্তে তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি ৩২ বোর রিভলবার, একটি ৭.৬৫ এমএম পিস্তল ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে জানা যায়, ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সজল ওরফে অটো সজল সরবরাহ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এরপর গত ১৮ জুন যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে সজল ওরফে অটো সজলকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগে তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
সেখানে দুটি টরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির উপকরণ, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।






