আজ কোথাও বৃষ্টি, কোথাও মৃদু তাপপ্রবাহ

বৃষ্টিপ্রবণ সব এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ছবি: সংগৃহীত
দেশের কিছু এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় তুলনামূলক বেশি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বিরতির সময় দেশের অনেক এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
শনিবার (৩ অক্টোবর) দেশের কিছু কিছু এলাকায় স্বল্পস্থায়ী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের গড়ে ১৫ থেকে ২০ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং উপকূলীয় কিছু এলাকায় মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। দেশের বাকি এলাকাতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছুটা বেশি এলাকায় এবং দেশের বাকি এলাকার সামান্য অংশে স্বল্পস্থায়ী বজ্রবৃষ্টি হতে পারে। তবে বর্তমানে কোনো বৃষ্টি বলয় সক্রিয় নেই। পরবর্তী বৃষ্টি বলয় সম্পর্কে পরে জানানো হবে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপ্রবণ সব এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই আকাশে মেঘ দেখা দিলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির আগে ও বৃষ্টির সময় সংশ্লিষ্ট এলাকায় কিছুটা দমকা হাওয়া হতে পারে। তবে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই।
দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় মৃদু তাপপ্রবাহের কাছাকাছি পরিস্থিতি অথবা মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বৃষ্টি বিরতির সময় দেশের অনেক এলাকায় বেশ ভ্যাপসা গরম থাকতে পারে।
মেঘ পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিক থেকে পূর্ব-উত্তর-পূর্ব দিকে এবং কিছুটা এলোমেলোভাবে চলাচল করতে পারে। উত্তর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই। সাগর স্বাভাবিক থাকতে পারে। কোনো সতর্ক সংকেতও নেই।
গত ২ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।
একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও যশোরে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস। এসব তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি)।



