দুপুরের মধ্যে ঢাকায় ঝড় ও বৃষ্টির আভাস

প্রতীকী ছবি
দুপুরের মধ্যে ঢাকায় ধেয়ে আসতে পারে ঝড়। সেইসঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
পূর্বাভাস বলছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস বইতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। সেইসঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।
আজ রাজধানীতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। এদিন সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ মিলিমিটার।















