দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস

প্রতীকী ছবি
দুপুরের মধ্যে দেশের ছয়টি জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ( ৭ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ রাজধানী ঢাকায়ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। গতকাল সোমবার রাজধানীতে সর্বোচ্চ ৩৪ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ঢাকার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।















