দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির আভাস, বজ্রপাত হতে পারে তিন বিভাগে

বর্তমানে দেশে বৃষ্টি বলয় কম সক্রিয় রয়েছে। ছবি : সংগৃহীত
শরতের শুরুতেই দেশের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি মিলেছে রোদের লুকোচুরি খেলার পূর্বাভাস। আজ রবিবার দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা।
বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের তুলনামূলক বেশি এলাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি।
এ ছাড়া রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা। দেশের অন্যত্র দু-এক জায়গায় মিলতে পারে হালকা বৃষ্টির দেখা।
বর্তমানে দেশে বৃষ্টি বলয় কম সক্রিয় রয়েছে। তবে আজ সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বৃষ্টিপ্রবণ এলাকাগুলোতে মাঝারি থেকে তীব্র বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এমন অবস্থায় মেঘের গর্জন শুনলেই নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে উপকূলীয় অঞ্চল ও দেশের মধ্যাঞ্চলে বজ্রপাতের তীব্রতা কম থাকতে পারে। বৃষ্টি শুরুর পূর্বে বা চলাকালীন সাময়িক দমকা হাওয়া বইলেও শিলাবৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের কোনো শঙ্কা নেই।
তাপমাত্রার ক্ষেত্রে জানানো হয়েছে, দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ষণ বিরতির সময়ে খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা ও রংপুর বিভাগের অনেক এলাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এমনকি দু-এক জায়গায় তাপমাত্রা মৃদু তাপপ্রবাহের কাছাকাছি পৌঁছে যেতে পারে।
সামুদ্রিক আবহাওয়ার ক্ষেত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি সিস্টেমে (ভরের অবস্থা) তৈরি হয়েছে, যা পরবর্তীতে লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের গভীর অংশ বেশ উত্তাল রয়েছে। পরবর্তীতে সংকেত জারি করার সম্ভাবনা রয়েছে।
গত ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বর্দীতে ৩৬.৮০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।






