টানা ৪ দিন তাপমাত্রা বাড়ার আভাস, কোথাও কোথাও বজ্রবৃষ্টি

প্রতীকী ছবি
আগামী ৩ দিন টানা বাড়তে পারে তাপমাত্রা। সেইসঙ্গে কোথাও কোথাও হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে প্রধানত শুষ্ক। আজ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। তবে অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
আগামীকাল শনিবার রংপুর বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী রবিবার রংপুর ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা।
সোমবারও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে পূর্বাভাসে।

