৬ অঞ্চলে ঝড়, ঢাকায় বজ্রবৃষ্টির আভাস— কেমন থাকবে আজকের আবহাওয়া

প্রতীকী ছবি
দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ের মধ্যে দেশের ৬টি অঞ্চলে ঝড় হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বৃহস্পতিবার রাজধানীতে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৬০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার।
এর আগে গতকাল দেওয়া আবহাওয়া নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও উল্লেখ করা হয় পূর্বাভাসে।






