জ্বালানি সহায়তা চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি খাতেও। সম্ভাব্য সংকট মোকাবিলায় ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (১১ মার্চ) ঢাকা সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেছেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি সেটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।’
বৈঠকের আলোচনার বিষয়ে তিনি আরও বলেছেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।’
ভারতীয় হাইকমিশনারের ভাষ্য মতে, বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন চালু রয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।




