যুক্তরাজ্যের পার্লামেন্টে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল

যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউজে অব কমন্স ও হাউজ অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বাধীন ৯ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। বৈঠকে দুদেশের আইন প্রণয়নের পদ্ধতি, সংসদীয় কার্যক্রম এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চিফ হুইপসহ বাংলাদেশের আটজন সংসদ সদস্য অংশ নেন। আজ বুধবার সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদে আইন প্রণয়নের বিভিন্ন ধাপ ও পদ্ধতি, বিলের ধরন, পাবলিক বিল কমিটির ভূমিকা এবং আইন প্রণয়নের আগে ও পরে পর্যালোচনার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুদেশের আইন প্রণয়নের কাঠামো, সংসদীয় চর্চা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
বৈঠকে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের প্যানেল অব চেয়ারসের সদস্য ভ্যালেরি ভাজ এমপি এবং হাউস অব লর্ডসের অবসর ও অংশগ্রহণবিষয়ক কমিটির চেয়ার ব্যারোনেস টেইলর অব বোল্টনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপির সঙ্গেও বৈঠক করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ পরিচালনায় সভাপতিত্বকারী কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা, সংসদের বিধি-বিধান এবং বিভিন্ন ধরনের বিতর্ক ও অধিবেশন পরিচালনার পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ সময় দুদেশের সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের পক্ষ থেকে ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস পরস্পরকে স্মারক উপহার দেন।



