৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবারও বদরুদ্দোজা-তৌছিফ

সভাপতি মো. বদরুদ্দোজা ও সাধারণ সম্পাদক তৌছিফ আহমেদ
৩০তম বিসিএস (প্রশাসন) সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বদরুদ্দোজা শুভ এবং সাধারণ সম্পাদক পদে তৌছিফ আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এর আগে গত ২২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বদরুদ্দোজা শুভ ঢাকা জেলা পরিষদের উপসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তৌছিফ আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব।
অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের ১৪(ক) ধারা অনুযায়ী, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী দুই বছর।
নির্বাচন পরিচালনার জন্য গঠনতন্ত্রের ১৫(ক) ধারা অনুযায়ী তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নবীনেয়াজ। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. নাসিম আহমেদ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপসচিব রায়হান আহমেদ।
নির্বাচন কমিশন গত ২২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে। এরপর ভোটার তালিকা চূড়ান্তকরণ, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করা হয়।
পুনর্নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ওপর আবারও দায়িত্ব অর্পণ করায় ব্যাচের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সদস্যদের এই আস্থা তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। সবার সহযোগিতায় সদস্যদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা এবং কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে নবনির্বাচিত কমিটি নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার, কমিশনের সদস্য এবং অ্যাসোসিয়েশনের সব সদস্যকে ধন্যবাদ জানানো হয়েছে।



