বঙ্গভবন যাওয়ার আগে কবর জিয়ারতে মির্জা ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির নেতারা জানান, নবনির্বাচিত রাষ্ট্রপতি শুক্রবার জুম্মার নামাজ পড়েছেন বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। সেখান থেকে দুপুর ১টা ৪৬ মিনিটে সরাসরি আসেন শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে। সেখানে পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সূরা ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
এই সময়ে বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও মির্জা ফখরুল ইসলামের সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।
পরে কবর প্রাঙ্গণের চারপাশে নিরাপত্তা বেষ্টনীর বাইরে দলের নেতা-কর্মী-সমর্থকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
রাজনীতির দীর্ঘ পথচলায় বিএনপির মহাসচিব হিসেবে এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কবরে বহুবার দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে পুস্পমাল্য অর্পণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।






