ভোটের শুরু থেকে একঘণ্টা সংসদ কক্ষে প্রধানমন্ত্রী

নিজ আসনে বসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের শুরু থেকে একঘণ্টার বেশি সময় নিজের আসনে বসেছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় তার পাশের আসনে ছিলেন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রধানমন্ত্রী যখন নিজের আসনে বসেছিলেন, তখন সংসদ সদস্যরা সামনে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী সংসদ কক্ষ ছেড়ে নিজ কার্যালয়ে যান। এ সময় দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নেন। এর আগে ভোট দেন সরকারপ্রধান। দুপুর ২টা ১০ মিনিটে দলের প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট বাক্সের কাছে যান। ঠিক ২টা ১১ মিনিটে নিজের ব্যালট পেপার বাক্সে ফেলেন। এ সময়ে সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়।
এরপর ভোট বাক্সে ব্যালট পেপার ফেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন দুপুর ২টার পর শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হকসহ কর্মকর্তারা সাংবাদিক গ্যালারিতে বসে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিন সাংবাদিক গ্যালারি ছাড়া সবগুলো গ্যালারি বন্ধ ছিল।
আগামীকাল শুক্রবার নির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, জাতীয় সংসদ ও বঙ্গভবন।







