বিদেশ যাওয়ার আগে চাকরির চুক্তিপত্র পান না ৯১% কর্মী

ফাইল ছবি
বিদেশে যাওয়ার আগে আইন অনুযায়ী নির্ধারিত লিখিত চাকরির চুক্তিপত্র পান না দেশের ৯১ শতাংশ অভিবাসী কর্মী। চুক্তিপত্র ছাড়াই বিদেশে যাওয়ার কারণে গন্তব্য দেশে পৌঁছে নানা ধরনের শোষণ, প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা। বিশেষ করে নারী গৃহকর্মীদের পরিস্থিতি আরও ভয়াবহ। তাদের শতভাগই মজুরি শোষণের শিকার। এ ছাড়া ৯৭ শতাংশ মানসিক এবং ৭৭ শতাংশ শিকার হয়েছেন শারীরিক নির্যাতনের।
এমন চিত্র উঠে এসেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায়।
বুধবার ঢাকার একটি হোটেলে ‘পদ্ধতিগত বিচার? বাংলাদেশের অভিবাসী কর্মীদের জন্য বিএমইটি সালিশি ব্যবস্থার আইনি ও প্রাতিষ্ঠানিক অডিট’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গবেষণাটি উপস্থাপন করেন ওকাপের চেয়ারম্যান ও অভিবাসন গবেষক শাকিদুল ইসলাম।
গবেষণায় ২০২৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি প্রক্রিয়ায় অংশ নেওয়া ৮৫ জন প্রত্যাগত অভিবাসী কর্মীর অভিযোগ অনুসরণ এবং আইনি বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, বিদেশে যাওয়ার আগে ৯৪ শতাংশ নারী এবং ৮৮ শতাংশ পুরুষ কর্মী কোনো লিখিত চাকরির চুক্তিপত্র পাননি। যেসব কর্মী চুক্তিপত্র পেয়েছেন, তাদের অধিকাংশকে ফ্লাইটের মাত্র কয়েক ঘণ্টা আগে ইংরেজি বা আরবি ভাষায় লেখা কাগজ দেওয়া হয়েছে। ফলে সেগুলো পড়া বা বোঝার সুযোগ পাননি কর্মীরা।
চুক্তিপত্র না পাওয়ার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-বহির্গমন প্রশিক্ষণের সনদ নিয়েও জালিয়াতির তথ্য পাওয়া গেছে। গবেষণায় ১৮ শতাংশ কর্মীর ক্ষেত্রে ভুয়া মেডিকেল সনদ এবং ১৫ শতাংশের ক্ষেত্রে প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) সনদ জালিয়াতির প্রমাণ মিলেছে।
বিদেশে যেতে গিয়ে নির্ধারিত খরচের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন কর্মীরা। পুরুষ কর্মীদের ক্ষেত্রে সরকারি নির্ধারিত হারের তুলনায় মালয়েশিয়ায় গড়ে ৪ লাখ ৬২ হাজার, সৌদি আরবে ৪ লাখ ৭৫ হাজার এবং সিঙ্গাপুরে ৭ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হয়েছে।
অন্যদিকে আইন অনুযায়ী বিনা খরচে বিদেশ যাওয়ার সুযোগ থাকার কথা থাকলেও বহন করতে হয়েছে ৪০ শতাংশ নারী গৃহকর্মীকে গড়ে ৩১ হাজার ৯০০ টাকা নিয়োগ ব্যয়।
গন্তব্য দেশে পৌঁছানোর পরও কর্মীদের ভোগান্তি শেষ হচ্ছে না। নিয়োগের সময় দেওয়া প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে অমিল থাকায় সেখানে নানা ধরনের অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন তারা।
গবেষণা বলছে, বিদেশে যাওয়ার পর ৫০ শতাংশ পুরুষ কর্মী কোনো কাজই পাননি। ৭৮ শতাংশের কাজের ধরন পরিবর্তন করা হয়েছে এবং ৬৮ শতাংশ কর্মী বেতন নিয়ে প্রতারণার শিকার হয়েছেন।
নারী গৃহকর্মীদের ক্ষেত্রে নির্যাতনের চিত্র আরও ভয়াবহ। গবেষণায় অংশ নেওয়া শতভাগ নারী কর্মী মজুরি শোষণের শিকার হয়েছেন। তাদের ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন এবং ৮৯ শতাংশ ঘরের মধ্যে বন্দি থাকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এসব নির্যাতন ও শোষণের কারণে ৪০ শতাংশ কর্মী দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তাদের অধিকাংশই ছয় মাসের মধ্যে খালি হাতে দেশে ফিরে এসেছেন।
বিদেশে প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার পরও ন্যায়বিচার পেতে ভোগান্তিতে পড়ছেন অভিবাসী কর্মীরা। বিএমইটির সালিশি ব্যবস্থায় অভিযোগ করেও অনেক ক্ষেত্রে প্রতিকার মিলছে না।
গবেষণায় অনুসরণ করা ৮৫ অভিযোগের মধ্যে ৫২ এখনো অনিষ্পন্ন রয়েছে। ২৯ শতাংশ অভিযোগকারী আবেদন জমা দেওয়ার পর কখনো শুনানির জন্য ডাক পাননি। এ ছাড়া ১০ জন কর্মীর মূল আবেদন সরকারি নথি থেকে হারিয়ে যাওয়ায় তাদের পুনরায় আবেদন জমা দিতে হয়েছে।
সালিশি প্রক্রিয়ায় নোটিস জারির ক্ষেত্রেও দীর্ঘসূত্রতার চিত্র উঠে এসেছে। মাত্র ২২ শতাংশ কর্মী লিখিত নোটিস পেয়েছেন। শুনানির তারিখ জানতে ৬৮ শতাংশ কর্মীকে দুই বা তার বেশি বার সরকারি অফিসে যেতে হয়েছে।
যেসব অভিযোগ নিষ্পত্তি হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও ক্ষতিপূরণের পরিমাণ অত্যন্ত কম। নিষ্পত্তি হওয়া ২৮টি অভিযোগের মধ্যে ৫০ শতাংশ ক্ষেত্রে কর্মীরা মাত্র ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। এই অর্থ পুরুষ কর্মীদের মোট অভিবাসন ব্যয়ের গড়ে মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীদের ব্যয়ের ১২ শতাংশের সমান।
গবেষণা প্রকাশ অনুষ্ঠানে অংশীজন ও নীতিনির্ধারকরা বিএমইটির সালিশি ব্যবস্থার সীমাবদ্ধতা স্বীকার করে জরুরি সংস্কারের তাগিদ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক বলেছেন, সরকারের কাজের উন্নয়ন চাওয়ার কারণেই গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গবেষণা প্রতিবেদনে বিএমইটিতে স্বতন্ত্র সালিশি বিভাগ (আরবিট্রেশন উইং) গঠন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাঠামো তৈরির সুপারিশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। সরকার এসব সুপারিশ বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান বলেছেন, ওকাপের গবেষণা অনেক সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাস্তব পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়। এসব তথ্য মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন জোরদার এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কল্যাণ বোর্ড আন্তরিক বলেও উল্লেখ করেন তিনি।
বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) মো. মাসুদ রানা স্বীকার করেছেন, সালিশি প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে নিরপেক্ষ ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। প্রামাণ্য দলিলের অভাবে অনেক সময় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে বিএমইটি ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যৌথভাবে গবেষণার ইতিবাচক সুপারিশগুলো বাস্তবায়নে কাজ করবে বলে জানান তিনি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হেড অব প্রোটেকশন সাদিয়া আলিম বলেছেন, অভিবাসী কর্মীদের আটকে রাখা ও শারীরিক নির্যাতনের মতো ঘটনা কেবল চুক্তিগত বিরোধ নয়, এগুলো মানবপাচার ও ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে।
তার ভাষ্য, সালিশি ব্যবস্থা মূলত বিরোধ নিষ্পত্তির একটি প্রক্রিয়া, এটি বিচারব্যবস্থার বিকল্প নয়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর ফৌজদারি বিচার নিশ্চিত করতে হবে।



