মসজিদে বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা করার সুপারিশ

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা—ছবি বাসস
দেশের সব মসজিদে বিদ্যুৎ সাশ্রয় ও সুশৃঙ্খল ব্যবহার নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসনসহ বিভিন্ন ট্রাস্টের কর্মকাণ্ড এবং মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
দেশের মসজিদগুলোর বিদ্যুৎ বিল ও ব্যবহার নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে। এ সময় মসজিদগুলোতে বিদ্যুতের সঠিক ব্যবহার ও অপচয় রোধ করা জরুরি বলে মতামত দেন কমিটির সদস্যরা।
এ ছাড়া, মসজিদগুলোতে পর্যায়ক্রমে রুফটপ বা ছাদের ওপর সৌরবিদ্যুৎ (রিসোর্স অব সোলার পাওয়ার) প্রকল্প গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
পাশাপাশি সরকারি খরচে হজ গমনের একটি নীতিমালা প্রণয়ন এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে বহুদিন ধরে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বদলির সুপারিশ করা হয় বৈঠকে।
এতে উপস্থিত ছিলেন— কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সুবর্না সিকদার, মোহাম্মদ আবুল হাসান ও মুহাম্মাদ আব্দুল খালেক।



