কপ৩১ সম্মেলন
ঋণের ফাঁদ থেকে উন্নয়নশীল দেশগুলোকে মুক্ত করার আহ্বান জাতিসংঘের
- ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রা স্থির

ফাইল ছবি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, দুর্যোগ ও উচ্চমূল্যের পুঁজির দুষ্টচক্র থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল। শুধু জলবায়ু অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ বা তা অর্জন করলেই হবে না, অর্থায়ন কীভাবে দেওয়া হচ্ছে, কী শর্তে দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলো কত সহজে তা পাচ্ছে, সেদিকেও গুরুত্ব দিতে বললেন তিনি।
আজ শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় কপ৩১-এর অর্থায়নবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের সংলাপে এসব কথা বলেন জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব।
সাইমন স্টিল বলেন, অনেক উন্নয়নশীল দেশ ঋণ, দুর্যোগ ও পুঁজির উচ্চ ব্যয়ের এক নিম্নমুখী চক্রে আটকে আছে। বন্যা, দাবানল, ঝড় ও খরার মতো দুর্যোগের আশঙ্কা আঘাত হানার আগেই এসব দেশের ঋণ নেওয়ার ব্যয় বাড়িয়ে দেয়। আর দুর্যোগ আঘাত হানলে রাজস্ব আয় কমে, পুনরুদ্ধার ব্যয় বেড়ে যায় এবং ঋণের বোঝা আরও ভারী হয়। এতে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার বিনিয়োগের সুযোগ সংকুচিত হয়ে পড়ে।
‘জলবায়ু অর্থায়ন এই পরিস্থিতি থেকে দেশগুলোকে বের করে আনতে পারে। তবে বিচ্ছিন্ন প্রকল্পে অর্থায়নের পরিবর্তে দেশের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরে সহায়তা দিতে হবে। জাতীয় প্রতিষ্ঠান ও আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে বিনিয়োগের পরিবেশ উন্নত হবে, কম খরচে বেশি পুঁজি আসবে এবং সেই অর্থ জলবায়ু সহনশীলতা ও কম-কার্বন উন্নয়নে কাজে লাগানো সম্ভব হবে। এতে অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগও তৈরি হবে’-যোগ করেন তিনি।
জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, জলবায়ু অর্থায়নের শর্ত নির্ধারণে সংশ্লিষ্ট দেশের আর্থিক পরিস্থিতি ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। সব দেশের জন্য একই ধরনের অর্থায়ননীতি কার্যকর হতে পারে না। বেসরকারি অর্থায়ন, ঋণ ও গ্যারান্টি সম্মিলিত জলবায়ু লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ হলেও স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ অর্থনীতির জন্য অনুদান ও অত্যন্ত সহজ শর্তের অর্থায়ন অপরিহার্য।
সাইমন স্টিলের ভাষায়, কোনো দেশকে এমন পরিস্থিতিতে ফেলা যাবে না, যেখানে ঋণ পরিশোধ ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়। ঋণের চাপ মোকাবিলায় বৃহত্তর উদ্যোগ নেওয়ার পাশাপাশি জলবায়ু অর্থায়ন আরও সাশ্রয়ী করতে হবে।
অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া সহজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, বর্তমানে উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন তহবিল ও প্রতিষ্ঠানের জটিল শর্ত, প্রশাসনিক প্রক্রিয়া এবং বিচ্ছিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অর্থায়ন পেতে হয়। এসব প্রক্রিয়া সরল করা, অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রশাসনিক বোঝা কমানো জরুরি।
তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়নকে দেশের নিজস্ব উন্নয়নব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। জাতীয় কোষাগার, স্থানীয় সরকার, উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে অর্থায়ন না করে বরং এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ প্রয়োজন।
সাইমন স্টিলের প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে অনুদানের মাধ্যমে কোনো দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং বিনিয়োগযোগ্য প্রকল্পের তালিকা তৈরি করা যেতে পারে। পরবর্তী সময়ে সহজ শর্তের অর্থায়ন ও ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থার মাধ্যমে এসব প্রকল্প বড় পরিসরে বাস্তবায়ন সম্ভব। এ জন্য দেশ, জলবায়ু তহবিল, উন্নয়ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
২০৩৫ সালের মধ্যে বছরে ১.৩ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য
বক্তব্যে জলবায়ু অর্থায়নের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রার প্রসঙ্গ তুলে সাইমন স্টিল বলেন, ক্যানকুনে দেশগুলো বছরে ১০০ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করেছিল। পরবর্তী সময়ে কপ২৯-এ নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। এতে উন্নত দেশগুলোর নেতৃত্বে ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের পাশাপাশি সব উৎস থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাকু-বেলেম রোডম্যাপে এই লক্ষ্যে পৌঁছানোর পথনির্দেশনা রয়েছে। এখন সেটিকে বাস্তবে রূপ দিতে হবে। ২০১৩ সালে শুরু হওয়া জলবায়ু অর্থায়নবিষয়কমন্ত্রী পর্যায়ের সংলাপগুলো এ ক্ষেত্রে অগ্রগতি অর্জনে ভূমিকা রেখেছে। এসব সংলাপের মাধ্যমে অর্থায়নের নতুন পদ্ধতি এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাইমন স্টিলের মতে, জলবায়ু অর্থায়নের প্রতিটি ডলার এমনভাবে বিনিয়োগ করতে হবে, যাতে তা দেশের উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা ও মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখতে পারে।



