অক্টোবরে মব সহিংসতায় মৃত্যু বেড়েছে ৩৯ শতাংশ

সংগৃহীত ছবি
চলতি অক্টোবর মাসে মব সহিংসতায় মৃত্যু ৩৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)। সংস্থাটি বলছে, সেপ্টেম্বরের ২৩ থেকে বেড়ে চলতি মাসে মব সহিংসতায় মৃত্যু হয়েছে ৩২ জনের।
আজ শনিবার প্রকাশিত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) অক্টোবর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের তুলনামূলক পরিসংখ্যানে উপস্থাপনে সংস্থাটি বলেছে, কিছু ক্ষেত্রে সহিংসতা কমলেও মানুষের জীবন, নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি এখনো স্বস্তিদায়ক নয়।
এমএসএফ জানিয়েছে, অক্টোবর মাসে মব সহিংসতায় নিহত হয়েছেন ৩২ জন। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ২৩। অর্থাৎ এক মাসে প্রাণহানি বেড়েছে প্রায় ৩৯ শতাংশ। তবে আহতের সংখ্যা ৭৪ থেকে কমে ৫৪ হয়েছে। এই সময়ে চুরির অভিযোগে ১৪ জন, হত্যার অভিযোগে ১ জন, ডাকাতির অভিযোগে ১ জন, বাগবিতণ্ডার অভিযোগে ৫ জন, চাঁদাবাজি, জমি বিরোধ, পূর্বশত্রুতা, লেনদেন ও কটুক্তি প্রতারণায় ১১ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা ৩৮৪ থেকে কমে ৮৮ হলেও প্রাণহানির চিত্র উদ্বেগজনক। বিএনপি ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহতের সংখ্যা ১ থেকে বেড়ে ৫ হয়েছে। অজ্ঞাত হামলায় নিহত ৭ থেকে বেড়ে ৯ জন হয়েছে। অর্থাৎ সংঘর্ষ কমলেও প্রাণঘাতী হামলা ও নিরাপত্তাঝুঁকি কাটেনি।
অক্টোবরের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ কোন্দলে নিহত ৫ জনের মধ্যে ৪ জন বিএনপির এবং ১ জন আওয়ামী লীগের নেতাকর্মী। অজ্ঞাত হামলায় নিহত ৯ জনের মধ্যে ৭ জন বিএনপি ও দুইজন আওয়ামী লীগের নেতাকর্মী।
এমএসএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রাণহানি, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক, প্রত্যেক নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের।



