স্পেনের মালাগার মেয়রের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

সংগৃহীত ছবি
স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাডোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল (২৭ অক্টোবর) মালাগা শহরের মেয়রের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
আলোচনায় স্পেনের সঙ্গে বিশেষ করে মালাগা শহরের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতির মতো বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
মেয়র ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদার ভূমিকার প্রশংসা করেন এবং এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশা প্রকাশ করেন। উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।



