দুই কোটি মানুষ দুদিন কাজ না করলে দারিদ্র্যসীমার নিচে নামবে : দেবপ্রিয় ভট্টাচার্য

ছবি: আগামীর সময়
দেশে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কমছে না বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বললেন, আমাদের দেশে দারিদ্র্যের হার কমছে। কিন্তু দুই কোটি মানুষ রয়েছেন যারা দুদিন কাজ না করলে আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাবেন। তাহলে দারিদ্র্য পরিস্থিতি কী বোঝেন।
আজ বৃহস্পতিবার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সিপিডির এ সম্মানীয় ফেলো এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।
ড. দেবপ্রিয় বললেন, বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। এর মধ্যে এক কোটি মানুষ রয়েছেন চরম দারিদ্র্যের মধ্যে। দেশে দারিদ্র্যের হার কমছে, কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা কমছে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সদস্য সাইফুল হক মিলন।
এতে সভাপতিত্ব করেন ককাসের সভাপতি এমপি এএম মাহবুব উদ্দীন খোকন।
সূচনা আলোচনায় ড. দেবপ্রিয় বললেন, বাংলাদেশের উন্নতি হয়েছে, যেভাবেই হোক হয়েছে। কিন্তু যেভাবে উন্নতি হয়েছে, সেভাবে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন দেখি না। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। এসব দূর করতে হবে।
‘দেশে ৪ জন যুবকের মধ্যে ১ জন বেকার। শিক্ষিতদের মধ্যে দেখলে ৩ জন শিক্ষিত যুবকের মধ্যে ১ জন বেকার’, যোগ করেন তিনি।
ককাস গঠনের লক্ষ্য হিসেবে অনুষ্ঠানে বলা হয়েছে, সুবিধাবঞ্চিত মানুষের অভিজ্ঞতা, বহুমাত্রিক চাহিদা ও অধিকারভিত্তিক দাবিকে সংসদীয় আলোচনা, আইন প্রণয়ন, নীতি ও বাজেট প্রক্রিয়ায় কার্যকরভাবে তুলে ধরা এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এই ককাস সামাজিক, জাতিগত বা ধর্মীয় পরিচয়, জেন্ডার, বয়স, ভৌগলিক অবস্থান, প্রতিবন্ধিতা, শিক্ষা ও দক্ষতা, স্বাস্থ্য, পেশা, অভিঘাতজনিত বিপন্নতার শিকার জনগোষ্ঠীর দাবিগুলোেক অগ্রাধিকার দেবে।
অনুষ্ঠানে অভিপ্রায়পত্র সই করেন ককাসের সদস্য জাতীয় সংসদ সদস্যরা।



