বাণিজ্যমন্ত্রী
আগামীর বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব

গ্রাফিকস: আগামীর সময়
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী জানান, এবারের বাজেটের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
এসময় মন্ত্রী কোরবানির পশুর চামড়া নিয়েও কথা বলেছেন। খন্দকার মুক্তাদির জানান, পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি।
‘কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এ কারণে অনেক চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্রির ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়েছে’, ব্যাখ্যা করছিলেন মন্ত্রী।
সরকারের পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেছেন, সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেক মানুষ চামড়া দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়। ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত মূল্য পাওয়া সম্ভব হয় না।






