৫ মাস পর সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার

মির্জা আব্বাস: ছবি: ভিডিও থেকে
ত্রয়োদশ সংসদে প্রথমবার যোগ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
হুইলচেয়ারে করে আজ বৃহস্পতিবার বিকালে সংসদ অধিবেশন কক্ষে ঢুকলে বর্ষীয়ান এই রাজনীতিককে স্বাগত জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মির্জা আব্বাস। কয়েকদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ফলে তার আর সংসদ অধিবেশনে যোগ দেওয়া হয়নি।
সিঙ্গাপুরের পর মালয়েশিয়ায় চিকিৎসা নিয়ে গতকাল বুধবার দেশে ফেরেন তিনি। তার এক দিন পরই তিনি সংসদে গেলেন।
অধিবেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের সময় সংসদ কক্ষে ঢোকেন মির্জা আব্বাস। হুইলচেয়ারে করে তাকে নিয়ে আসা হয়।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি।’
আমানউল্লাহ আমানসহ বিএনপির আরও কয়েকজন নেতা এসময় উঠে গিয়ে মির্জা আব্বাসকে শুভেচ্ছা জানান।
যুবদলের একসময়ের সভাপতি, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন।
খালেদা জিয়ার সরকারের মন্ত্রী মির্জা আব্বাসকে নিজের উপদেষ্টা হিসেবে রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরে নিজের বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। তাকে তখন এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ তার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার হয়েছিল।
উন্নত চিকিৎসার জন্য এরপর ১৫ মার্চ মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১৩ এপ্রিল পর্যন্ত তার চিকিৎসা চলে।
চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে সেখানে বিশেষায়িত পুনর্বাসনকেন্দ্রে নিয়মিত ফিজিওথেরাপি নেন তিনি।
চিকিৎসার পুরোটা সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে গতকাল বুধবার তিনি দেশে ফিরলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।





