কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দলটির ডিএনএতেই সন্ত্রাস রয়েছে। মানুষ হত্যা করা তাদের কৌশল। আগুন দিয়ে মানুষ পোড়ানোর নির্দেশ সীমান্তের ওপার থেকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ শক্তি প্রদর্শনের চেষ্টা করলে সরকারও তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার এখনো ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে। অতিরিক্ত বল প্রয়োগ না করার বিষয়েও বাহিনীকে সতর্ক করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায়, একজন সংসদ সদস্যের বাড়িতে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা চালিয়েছে। এ ছাড়া সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় না আন্দোলনের নামে কোনো সহিংসতায় সাধারণ মানুষ প্রাণ হারাক। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও নিরীহ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সেখানে প্রায় ২০০ সদস্য রয়েছেন। তাদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার ও একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশের সদস্যরা প্রস্তুত রয়েছেন।
তিনি আরও বলেন, হামলাকারীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে থানায় হামলার আহ্বান জানিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার ভিডিও, অডিও ও ছবি সরকারের কাছে সংরক্ষিত আছে। যারা থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে। গত ১৫ থেকে ১৬ বছর আওয়ামী লীগ অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দলটি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্র নেই। তাদের রাজনীতি হচ্ছে সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতন। অতীতের এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।
আওয়ামী লীগের সাবেক নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের আইনানুগভাবে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে আদালতের রায় ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এ ছাড়া বিদেশ সফরে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের হামলার চেষ্টার অভিযোগ তুলে এর নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের অশোভন আচরণের অভিযোগও সংসদে তুলে ধরেন তিনি। এ ঘটনায় কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশের দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।




