রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাজ্যের

সংগৃহীত ছবি
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) পার্শ্ববৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। এ সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হিসেবে যুক্তরাজ্যে বাংলাদেশের পণ্যের রপ্তানি, বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ এবং জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার জন্য এয়ারবাস কেনার সিদ্ধান্তের কথা উঠে আসে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন বহুপক্ষীয় বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার বিষয়ে একমত হন তারা।
বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান এড মিলিব্যান্ড। রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।




