ঈদের জামাত কোথায়, কখন

সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় নির্ধারণ করা হয়েছে ঈদের জামাতের সময়সূচি। জাতীয় ঈদগাহসহ প্রধান প্রধান ঈদ জামাতগুলো সকাল ৭টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বিভিন্ন স্থানে।
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। ইসলামিক ফাউন্ডেশন বলছে, বায়তুল মোকাররমে ঈদের দিন জামাত হবে পাঁচটি — সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জামাত হবে দুটি, সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে। সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে জামাত।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। গুলশান সেন্ট্রাল মসজিদে জামাত হবে তিনটি— সকাল ৫টা ৪৫ মিনিট, ৭টা ৩০ মিনিট ও ৯টা ৩০ মিনিটে।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রধান জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়।
রাজশাহীর হযরত শাহ মখদুম ঈদগাহ ময়দানে জামাত হবে সকাল সাড়ে ৭টায়। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় দরগাহ জামে মসজিদে হবে দ্বিতীয় জামাত। খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধান জামাত সকাল ৭টায়, বরিশাল হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় এবং সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।
রংপুরে কালেক্টরেট ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়।
এ ছাড়া দেশের মহানগর ও উপজেলাগুলোর শত শত ঈদগাহ ও হাজারো মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে পৃথক পৃথক সময়ে। নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করছে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় কমিটিগুলো।







