তিন জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন, সুবিধা পাবে ২৫ উপজেলা

একনেক সভা
জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধার ২৫ উপজেলায় ক্ষুদ্রসেচ উন্নয়নে প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নেওয়া ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ আজ বুধবার (১৮ নভেম্বর) একনেক সভায় অনুমোদন পায়।
২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় ২১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে ১ লাখ ৩৯ হাজার ৭৮২ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও বিএডিসির বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, প্রকল্পের আওতায় ৩০০ কিলোমিটার সেচ ও নিষ্কাশন খাল পুনঃখনন করা হবে। বিদ্যুৎচালিত এলএলপি, সৌরবিদ্যুৎচালিত সেচযন্ত্র ও গভীর নলকূপের জন্য ৩৫০ সেট পাম্প ও মোটর কেনা হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের ১৫৫টি হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ, ফসলের মাঠ ও চরাঞ্চলে ৩৫ কিলোমিটার আরসিসি গোপাট নির্মাণ এবং ৫০ সেট সৌরচালিত সেচযন্ত্র কেনা ও স্থাপন করা হবে।
তিনি আরও জানান, খাল পুনঃখনন, প্রয়োজনীয় সেচ অবকাঠামো নির্মাণ এবং জলাবদ্ধ বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা হবে। পাশাপাশি আধুনিক সেচপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা হবে।
বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম প্রকল্পটির বিষয়ে বলেছেন, `প্রকল্পের আওতাধীন সব কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের হয়রানি ছাড়াই কৃষকের দোরগোড়ায় প্রকল্পের সুফল পৌঁছে দিতে হবে। তার ভাষ্য, একটি প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়ন নির্ভর করে কৃষকের কাছে এর সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর।'



