বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অগ্রগতির পথে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির আজ জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন।
উভয় পক্ষ বাংলাদেশ-সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং এই অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। যা বিভিন্ন খাতে ব্যাপক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি করেছে। তিনি অদূর ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য উচ্চ-পর্যায়ের সফরের কথাও উল্লেখ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। তিনি অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করেন বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আব্দুলকরিম আল-খেরাইজি, ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








