পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড শ্রমিকদের জন্য শিক্ষা

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানালেন, এ শাস্তি বা এটি কার্যকরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি আরবে বাংলাদেশের মিশনকে কিছুই জানানো হয়নি।
আগে থেকে কিছু না জানলেও এ ঘটনাকে বাংলাদেশি শ্রমিকদের জন্য ‘শিক্ষা’ হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী। তিনি বলছিলেন, ‘যখন একটা আইনের ব্যত্যয় ঘটে, তখন কিন্তু আমাদের ওই টাইমে বাংলাদেশের নাগরিকের জন্য আমার খুব একটা করার কিছু থাকে না। আমাদের বিদেশিরাও তো অনেকে এসে বাংলাদেশের যদি কোনো অন্যায় করে, তা বাংলাদেশের আইনকানুন অনুযায়ী তাদের জেল হয়, তাদের জেলে যেতে হবে।’
‘আর সেটা এখন যে দেশে সেই দেশের আইনকানুন তো প্রিভেইল করবে। সেই দেশের আইনই প্রিভেইল করবে। সুতরাং এটাও আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে, আমি মনে করি। তবে এটা দুর্ভাগ্যজনক অবশ্যই, কেননা এ ধরনের আর খবর পেতে আমরা আশা করি না এবং এ ধরনের খবর আমরা পেতেও চাই না’— যোগ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বললেন, ‘সৌদি আরবের একটি নিজস্ব আইনি কাঠামো আছে। সে আইনি কাঠামোতে যখন কেউ কোনো অন্যায় বা গর্হিত কাজ করে, তাদের আইন অনুযায়ী তারা সেরকমভাবেই সাজাটা কার্যকর করে। তো আমরা ভাবছি যে সেটাই হয়েছে।’
জেদ্দার শ্রম কল্যাণ উইং থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসা বার্তার বরাতে প্রতিমন্ত্রী বলেছেন, ‘সেখানে যেটা বলা হয়েছে যে, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত হয়েছিল এবং সৌদি আরবের আইনি কাঠামোতে সেটা তারা হয়তো গর্হিত কাজ হিসেবে দেখেছে এবং তাদের আইন অনুযায়ী তাদের আদালত এ ব্যবস্থা নিয়েছে।’
তিনি বললেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে, বিশেষ করে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর। তাই রিয়াদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।
বিচারের আগে বাংলাদেশকে না জানিয়ে সৌদি আরব কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন (ভিসিসিআর) লঙ্ঘন করেছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেছেন, সরকার এখনো এ ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পায়নি।
শামা ওবায়েদ বললেন, ‘কখন বা কীভাবে এ ঘটনা ঘটেছে, তা আমাদের মিশনকে জানানো হয়নি। কেন তাদের জানানো হয়নি, সে বিষয়ে এ পর্যায়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, সৌদি সরকার এখনো আমাদের পূর্ণাঙ্গ তথ্য দেয়নি। তথ্য পাওয়ার পর আরও স্পষ্টভাবে জানাতে পারব।’



