মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি

গ্রাফিকস: আগামীর সময়
নিলয় শিকদার। বয়স ৩৫। গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছায়। চোখে ছিল বিদেশে গিয়ে নতুন জীবনের স্বপ্ন। সেই স্বপ্ন দেখিয়েই তার কাছ থেকে নেওয়া হয়েছিল পাসপোর্টসহ ৫ লাখ টাকা; কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যের বদলে তাকে যেতে হয় অন্ধকার এক ঘরে। যেখানে স্বাধীন মানুষ নিলয় পরিণত হন শিকলবন্দি জীবনে। পায়ে লোহার শিকল, দরজায় তালা, আর প্রতিদিনের সঙ্গী ছিল ভয় আর নির্যাতন। পরে মুক্তির আশায় পরিবার অপহরণকারীদের দাবি করা টাকাও দিয়েছিল। বিভিন্ন বিকাশ নম্বরে পাঠানো হয়েছিল ৪ লাখ ৫১ হাজার টাকা; কিন্তু মুক্তি মেলেনি নিলয়ের। টাকা পেয়েও তাকে ছেড়ে দেয়নি অপহরণ চক্র; বরং দাবি করেছিল আরও ৫ লাখ টাকা। অবশেষে ৯ দিন পর ফরিদপুরের একটি আবাসিক ভবন থেকে শিকলবন্দি অবস্থায় জীবিত উদ্ধার করা হয় নিলয়কে। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তাররা হলেন মূলহোতা মো. ফেরদৌস উর রহমান (৪২), মহুয়া আহমেদ (৩২) ও এস এম মনোয়ার (৩৬)।
র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান গতকাল রবিবার জানিয়েছেন, নিলয় শিকদারকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে কয়েক দফায় টাকা নেয় চক্রটি। পরে প্রতিশ্রুতি পূরণ না করে গত ৬ আগস্ট তাকে অপহরণ করা হয়। অপহরণের পর নিলয়কে ফরিদপুর চরকমলাপুরে একটি ভবনের কক্ষে পায়ে শিকল পরিয়ে গ্রিলের সঙ্গে তালা দিয়ে বেঁধে রাখা হয়েছিল। নিলয়ের অভিযোগ, তাকে মারধর করা হতো এবং দিনে মাত্র একবেলা খাবার দেওয়া হতো। নির্যাতনের সময় নিলয়ের চিৎকার যাতে বাইরে শোনা না যায়, সেজন্য উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো হতো।
নিলয়কে ফিরে পেতে অপহরণকারীদের এর মধ্যে ৫ লাখ টাকা দেয় তার পরিবার। এরপরও আরও টাকা দিয়ে মুক্তিপণের জন্য চাপ দিতে থাকলে নিলয়ের শ্বশুর ঝালকাঠির কাঠালিয়া থানায় অপহরণের মামলা করেন।
আসাদুজ্জামান বলেছেন, মামলার তদন্তের সূত্র ধরে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গত শনিবার মধ্যরাতে চরকমলাপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে শিকলবন্দি অবস্থায় নিলয়কে উদ্ধার করে। এ ছাড়া অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী ভোররাতে অভিযান চালিয়ে অন্য একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।
র্যাব বিদেশে পাঠানো এসব প্রতারকদের থেকে সতর্ক এবং বৈধ ও অনুমোদিত মাধ্যম অনুসরণ করতে আহ্বান জানিয়েছে।






