রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো : হুমায়ুন কবির

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন হুমায়ুন কবির
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের নিন্দা জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
এই রায়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘এর মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’
রোহিঙ্গা গণহত্যাবিষয়ক আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আইসিজের রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানানো হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
হুমায়ুন কবির বলেন, এই রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইতিবাচক ফলাফল ও ক্ষতিপূরণের বিষয় উঠে এসেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশও উপকৃত হতে পারে।
‘এই রায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, যা ভবিষ্যতে এই সংকট সমাধানের পথ নির্ধারণে ভূমিকা রাখবে। বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ সংকট নিরসনের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির ক্ষেত্রেও রায়টি তাৎপর্যপূর্ণ হতে পারে,’ যোগ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আইসিজের রায়ের বিস্তারিত বিষয় এবং বাংলাদেশের পরবর্তী অবস্থান নিয়ে আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।
যা বললেন শামা ওবায়েদ
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে বাংলাদেশের জন্য ইতিবাচক ও ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি মনে করেন, এই রায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পথ সুগম করবে।
রোহিঙ্গা গণহত্যা বিষয়ক আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায়ের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের জন্য রায়টি অত্যন্ত ইতিবাচক।’ মানবাধিকার ও মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে মামলা দায়ের করায় তিনি গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অর্থায়ন ও মানবিক সহায়তা দিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড এবং তাদের ওপর সংঘটিত নির্যাতন-নিপীড়নের বিষয়গুলো এই মামলার রায়ে উঠে এসেছে। রায়ের বিস্তারিত পর্যালোচনায় মিয়ানমারের অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ও স্পষ্ট হবে।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপকমাত্রায় যৌনসহিংসতা ও শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতার প্রমাণ পেয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পাশাপাশি বাংলাদেশে আশ্রয়ের জন্য পালানোর সময় বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপর হামলা চালানোর প্রমাণও পেয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের অভিযোগে গাম্বিয়ার করা মামলার চূড়ান্ত রায় ঘোষণার সময় এসব তথ্য জানানো হয়। ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে সিদ্ধান্তে পৌঁছেছেন আদালত।
এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলেন আন্তর্জাতিক বিচার আদালত। সাত বছর ধরে চলা মামলাটির নিষ্পত্তি আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে।





