আজকের রায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আইনি ভিত্তি জোরালো করবে: তিতুমীর

‘রোহিঙ্গা সংকটের দশম বছর ও তার পরবর্তী সময়: সাড়াদান কার্যক্রম পুনর্বিবেচনা’ শীর্ষক নীতি সংলাপে অতিথিরা। ছবি: আগামীর সময়
রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক মামলায় আজ যে রায় হওয়ার কথা, তা তাদের অধিকার ও মিয়ানমারে প্রত্যাবাসনের আইনি ভিত্তি আরও জোরালো করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের দশম বছর ও তার পরবর্তী সময়: সাড়াদান কার্যক্রম পুনর্বিবেচনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যার মামলায় আজ ঐতিহাসিক রায় দেবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
এ রায়ের বিষয়টি তুলে ধরে রাশেদ আল তিতুমীর বলেছেন, আজকের যে রায় হবে এই রায়ের মাধ্যমে তাদের একটা আইনি ভিত্তি আরো দাঁড়াবে। তার প্রত্যাশা, এর মাধ্যমে রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়া এবং সেখানে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রচেষ্টা এগিয়ে যাবে।
রোহিঙ্গা সংকটকে রাজনৈতিক সমস্যা হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা । তিনি বললেন, এই সংকট মিয়ানমারে সৃষ্টি হয়েছে, এর সমাধানও মিয়ানমারেই হতে হবে। শুধু বাংলাদেশে মানবিক সহায়তা দেওয়ার মধ্যে আন্তর্জাতিক উদ্যোগ সীমাবদ্ধ না রেখে মিয়ানমারে রোহিঙ্গাদের জীবন ও জীবিকা নিশ্চিত করার দিকে নজর দিতে হবে।
রাশেদ আল তিতুমীর বললেন, ‘আমরা ইতিমধ্যেই লক্ষ করেছি, তাদের জনসংখ্যা (বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গা) ৩৭ শতাংশ বৃদ্ধি হলেও তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা ২৪ শতাংশ হারে হ্রাস পেয়েছে। তার মানে হচ্ছে আন্তর্জাতিক যে সহায়তা তা দরকার এবং অতীব দরকার; তার থেকে আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না।’
বাংলাদেশ সরকার সর্বক্ষেত্রে চেষ্টা করছে জানিয়ে রাশেদ আল তিতুমীর বললেন, ‘ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম সভায় পাঁচ দফা ভিত্তিক রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ক প্রস্তাব উপস্থাপন করেছেন। বাংলাদেশ সরকার মনে করে যে আজকে যে রায় ঘোষণা করা হবে, তার মাধ্যমে রোহিঙ্গাদের প্রতি ঐতিহাসিকভাবে যে মানবতাবিরোধী নৃশংস অত্যাচার করা হয়েছে, সেই রায়ের মাধ্যমে তাদের তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।’
‘আমরা মনে করি যে তাদের দ্রুততার ভিত্তিতে তাদের অধিকার ফিরে আসবে এবং তারা তাদের নিজস্ব জন্মভূমিতে তারা দ্রুত প্রবেশ করতে পারবে’, যোগ করেন রাশেদ আল তিতুমীর।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। গবেষণা প্রতিবেদন তুলে ধরেন ব্র্যাকে পলিসি অ্যানালিস্ট তারিকুল ইসলাম।
এতে আরও ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান ও বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন।



