কমনওয়েলথ বৈঠকে অংশ নিতে ঢাকা ছেড়েছেন হুমায়ুন কবির
আগামীর সময় প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির- ফাইল ছবি
অ্যান্টিগুয়া ও বারবুডায় শুরু হওয়া কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে দেশ ছেড়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
আজ রবিবার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত রাজধানী সেন্ট জনসে হবে এই বৈঠক।
গতকাল শনিবার সকালে সেন্ট জনসের উদ্দেশ্যে যাত্রা করেন হুমায়ুন কবির। দুবাই ও লন্ডন হয়ে আজ তার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে তিনি কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক সভা এবং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এই সম্মেলনের জন্য গত ২৫ অক্টোবর হুমায়ুন কবিরকে পূর্ণমন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা দেওয়ার কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।




