লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, জামায়াতকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।
১৫শ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে না গিয়ে জনসেবায় অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। তিনি বলেছেন, শুধু এলাকার ময়লা নয়, দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, তা পরিষ্কারে সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার জন্য ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, শুধু দুই-একদিন ভোরে ঝাড়ু হাতে নিয়ে ফটোসেশন করলেই হবে না।
তার ভাষ্য, দলমত নির্বিশেষে সবাইকে দেশের মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী বলেছেন, এলাকার আবর্জনা পরিষ্কারের পাশাপাশি দেশে ফ্যাসিবাদের রেখে যাওয়া সব জঞ্জালও সম্মিলিতভাবে পরিষ্কার করতে হবে।
ড. মুহিত বলেন, তিনি দেখছেন একটি বিরোধী দল এখনো জনসভার রাজনীতিতেই পড়ে আছে। তারা আগের মতো বক্তৃতার রাজনীতি করতে চায়। কিন্তু মানুষের কাছে এখন জনসেবার রাজনীতিই বেশি গুরুত্বপূর্ণ।
তার ভাষ্য, প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন ধরনের রাজনীতির সূচনা করেছেন। এটি জনসভার নয়, জনসেবার রাজনীতি।
অনুষ্ঠানে মিরপুরের মোবাইল ফিভার ক্লিনিককে শুধু জ্বর পরীক্ষার কেন্দ্র হিসেবে না রেখে ছোট পরিসরের একটি পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে রূপ দেওয়ার কথাও উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি জানান, এখানে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেওয়া হচ্ছে। এখান থেকে এলাকার মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।



