নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের শুভেচ্ছা

মির্জা ফখরুল ও ড. ইউনূস—ফাইল ছবি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাকে এ দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।’
তিনি আরও বলেছেন, ‘একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখি। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ৫টা ২০ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম পেয়েছেন ২৫৫ ভোট। আর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।







