বাংলাদেশ ‘দখল’ নিয়ে পশ্চিমবঙ্গ মন্ত্রীর বক্তব্য, ‘পাগল’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি
‘ভারত ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে’ এই বক্তব্যর জেরে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংকে ‘পাগল’ হিসেবে অ্যাখ্যায়িত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পৃথিবীর সব জায়গার রাজনীতিতেই কিছু পাগল মানুষ থাকে। এ ধরনের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিবেচনাও করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গতকাল মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ সম্পর্কে অর্জুন সিং বলেছিলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেব। অনেক হয়েছে; বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব, এতে কোনো সন্দেহ নেই।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এ মন্তব্য পশ্চিমবঙ্গের মন্ত্রীর।
তবে এই বক্তব্যকে পাত্তা না দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন আহমেদ বললেন, ‘আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। গুরুতর আলোচনা হয় জাতীয় সরকার থেকে জাতীয় সরকার পর্যায়ে।’
শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশের কোনো মিশনে গেলে কী পদক্ষেপের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী হুমায়ুন আহমেদ। ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে।’
এদিন শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, ডেনমার্কের সঙ্গে সহযোগিতা এবং গঙ্গা পানিবণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, আলোচনা করবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ১৩টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এর ফলে দেশের পোশাকশিল্পসহ রপ্তানি খাতে চাপ তৈরির আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বললেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নির্বাচনী কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শুল্কসংক্রান্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশের আলোচনার সুযোগ রয়েছে।
কিছু শুল্ক ও সিদ্ধান্তকে বাংলাদেশ অযৌক্তিক হিসেবে দেখছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ২৬ জানুয়ারি এ বিষয়ে একটি শুনানি রয়েছে। সেখানে বাংলাদেশ নিজেদের অবস্থান ও যুক্তি তুলে ধরতে পারবে।
উদাহরণ হিসেবে তুলার কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে পণ্য তৈরি করে আবার দেশটিতে রপ্তানি করে। এ ধরনের বাণিজ্যিক বাস্তবতা বিবেচনায় নিয়ে শুল্কের বিষয়ে আলোচনা ও সমঝোতার সুযোগ রয়েছে।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে বাংলাদেশের কিছু আপত্তি ও সংরক্ষণ রয়েছে। সেগুলো নিয়ে দেশটির সঙ্গে আলোচনা ও দর-কষাকষি করা হবে। অন্যান্য দেশের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের এমন নীতি দেখা গেছে। তাই বাংলাদেশের পক্ষ থেকে কোনটি ন্যায্য এবং কোনটি অযৌক্তিক, তা স্পষ্টভাবে তুলে ধরা হবে।
ডেনমার্কের সঙ্গে জ্বালানি ও বন্দর নিয়ে আলোচনা
ডেনমার্কের আন্তর্জাতিক অংশীদারত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোনে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব বৈঠক তার চলমান নিয়মিত কাজের অংশ। দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে বায়ুবিদ্যুৎ বা উইন্ড এনার্জি খাতে ডেনমার্কের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের জ্বালানি খাতে বিভিন্ন অংশীদারত্বের বিষয়ে দেশটির আগ্রহ রয়েছে।
বন্দর-সংশ্লিষ্ট টার্মিনাল প্রকল্প এবং পানি পরিশোধন খাতেও দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানান তিনি। এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি
গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কী প্রক্রিয়ায় চুক্তিটি নবায়ন করা হবে কিংবা নতুন চুক্তি করা হবে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে বাংলাদেশ ভারতকে চিঠি দিয়েছে।
তিনি বলেন, বিষয়টি এখন প্রক্রিয়াধীন। এ বিষয়ে ভারতের জবাব দেওয়ার কথা। বাংলাদেশের পক্ষ থেকে যা করার প্রয়োজন, তা করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে যা করার, করছি। এ বিষয়ে আমরা অত্যন্ত স্বচ্ছ। আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছি এবং ভবিষ্যতেও করব।’
সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের উদ্বেগ ও ভুয়া খবর প্রসঙ্গ
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ এবং নোয়াখালীর একটি ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ওই ঘটনার বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে।
তবে সাংবাদিকের প্রশ্নের একপর্যায়ে তিনি জানতে চান, নোয়াখালীর সংখ্যালঘুদের ওপর হামলার খবরটি সত্য, নাকি ভুয়া। সাংবাদিকের পক্ষ থেকে সেটি ভুয়া খবর বলে জানানো হলে তিনি বলেন, ভুয়া খবর জেনেও তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে কেন।
সাংবাদিকদের প্রশ্নের মান ও পেশাগত যোগ্যতা নিয়েও সমালোচনা করেন প্রতিমন্ত্রী।
ডিসেম্বরের কর্মসূচিতে আসছেন মালয়েশিয়া ও মালদ্বীপের প্রধানমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শীত আসার কথা বললেও মাসটিতে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফরের বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, ডিসেম্বর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে ডিসেম্বর মাসকে আনন্দের মাস হিসেবে উল্লেখ করেন তিনি।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামগ্রিকভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এবং ভারতের সঙ্গে চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের অবস্থান তুলে ধরেন।




