পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে

ছবি: আগামীর সময়
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
আজ বুধবার পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে হওয়া প্রথম বৈঠকের পর এ তথ্য জানানো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে। নিয়োগকর্তা ও শ্রমিক— উভয়পক্ষের প্রতিনিধিরাই এ সময়সীমার বিষয়ে সম্মত হয়েছেন।
সৈয়দ আজাদ সুবহানী বললেন, আগেরবারের মতো দীর্ঘ সময় লাগবে না। শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।
ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের টানা বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যেই এই সমঝোতার খবর এলো।
এর আগে গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম এবং চলমান ইস্যুতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের আন্দোলনের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বললেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার কারণে শ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠেছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে। আমরা আশা করি, খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ হবে।’
গত রবিবার মজুরি বোর্ড গঠন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে শেখ আশফাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রথম বৈঠকের আগেই যদিও তাকে পরিবর্তন করা হয়, তবে অন্য কাউকে বোর্ড থেকে সরানো হয়নি।
মজুরি বোর্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে স্বতন্ত্র বা নিরপেক্ষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন বিজিএমইএ পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন বাবুল আক্তার ও আনোয়ার হোসেন।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরসহ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সাভারের আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায়। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য মজুরি বোর্ড গঠন করে। এতেও থামেনি বিক্ষোভ।




