২৫ জেলায় নাশকতার আশঙ্কা, টার্গেট রেল-সড়ক-নৌপথ
- গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরির ছক
- অস্ত্রের মহড়ার প্রস্তুতির তথ্য গোয়েন্দাদের হাতে

প্রতীকী ছবি
দেশের অন্তত ২৫ জেলায় গোপালগঞ্জের মতো সহিংস পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করছেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। রেল, সড়ক ও নৌ যোগাযোগ বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ এবং আগ্নেয়াস্ত্রের মহড়া দেওয়ার প্রস্তুতির তথ্যও পেয়েছেন গোয়েন্দারা। এসব তথ্য সরকারের শীর্ষ মহলকে জানানো হয়েছে। তবে পুলিশ সদর দপ্তরের দাবি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, ১৯ নভেম্বরের কর্মসূচিকে সরকারকে চাপে ফেলার সুযোগ হিসেবে নিতে চান আওয়ামী লীগের নেতারা। এ জন্য বিভিন্ন জেলার নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বাইরে অবস্থানরত নেতারাও এই পরিকল্পনায় যুক্ত রয়েছেন। বিশেষ করে ভারতের কলকাতায় গত তিন দিন ধরে একাধিক বৈঠক হয়েছে বলে তথ্য পেয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা।
গোয়েন্দা সূত্রের দাবি, কর্মসূচির মূল লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সামনে আনা। একই সঙ্গে সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে চান দলটির কেন্দ্রীয় নেতারা।
পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ১৯ নভেম্বরের কর্মসূচিতে গোপালগঞ্জের পরিস্থিতিকে মডেল হিসেবে সামনে রাখা হয়েছে। অন্তত ২৫ জেলায় একই ধরনের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। এসব এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় নেতাদের উপস্থিতি ও তৎপরতা রাখার পরিকল্পনা রয়েছে।
সম্ভাব্য সহিংসতাপ্রবণ এলাকার তালিকায় রয়েছে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম জেলা ও মহানগর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পিরোজপুর, বাগেরহাট, মোংলা, খুলনা সদর, বরিশাল ও ফরিদপুর। এ ছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
কক্সবাজার ও দক্ষিণাঞ্চল ঘিরে বিশেষ পরিকল্পনা
কক্সবাজারকে ঘিরেও বিশেষ পরিকল্পনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজারে ১৯ নভেম্বর নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় নেতাকর্মীরা। এ জন্য কলকাতা ও দিল্লিতে অবস্থানরত নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজনৈতিক বার্তা দিতে চান তারা। চট্টগ্রাম থেকে কক্সবাজারের সড়ক যোগাযোগ এক দিনের জন্য বিচ্ছিন্ন করার পরিকল্পনার তথ্যও রয়েছে গোয়েন্দাদের কাছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিকল্পনায় কোনো ঘাটতি থাকবে না। কোন এলাকায় কারা নাশকতা করতে পারে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রকাশ্যে ও গোপনে নজরদারি চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
বিশেষ সূত্রের দাবি, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরের নেতাকর্মীরা তিন জেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেওয়ার পরিকল্পনা করছেন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে।
গোয়েন্দা সূত্র বলছে, খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে চীনা রাইফেল, শর্টগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। আওয়ামী লীগকে নিয়ে জামায়াত ও এনসিপির নেতাদের সাম্প্রতিক বক্তব্যের পাল্টা জবাব দিতে অস্ত্র প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে।
খুলনাকেন্দ্রিক একটি সূত্র জানায়, সীমান্তবর্তী জেলাগুলোতে পুরোনো দলীয় কোন্দল মিটিয়ে সবাইকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক শীর্ষ নেতা। তিনি বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি অস্ত্রের মহড়া দেওয়ার পরামর্শও দিয়েছেন।
অচল হতে পারে রেল, সড়ক ও নৌ যোগাযোগ
কর্মসূচিকে ঘিরে রেল, সড়ক ও নৌ যোগাযোগ বিঘ্নিত করার পরিকল্পনার তথ্য পেয়েছে পুলিশ। অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা জানান, কর্মসূচি সামনে রেখে নেতাকর্মীরা ইতোমধ্যে তৎপর হয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, গাজীপুরের শ্রীপুর, টঙ্গী, চট্টগ্রাম রোড, সাভারের আরিচা মহাসড়ক ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক বিচ্ছিন্ন করার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। চাঁদপুরসহ বিভিন্ন নদীপথে লঞ্চ চলাচল বন্ধের চেষ্টাও হতে পারে। পাশাপাশি রেল যোগাযোগ বিঘ্নিত করার আশঙ্কা রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীতে টহল পুলিশ ও গোয়েন্দা দল নিয়মিত দায়িত্ব পালন করছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, ১৯ নভেম্বরের কর্মসূচি সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাদাপোশাকের পুলিশ ও থানার সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। নাশকতার আশঙ্কায় বিভিন্ন এলাকায় অভিযান চলছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুল মুনিরা আগামীর সময়কে বলেন, গোপালগঞ্জের প্রতিমুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ সদর দপ্তর। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।





