আইজিপির সঙ্গে বিএবি প্রতিনিধিদলের মতবিনিময়

সংগৃহীত ছবি
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং আর্থিক খাতে সুশাসন ও শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর একটি প্রতিনিধিদল।
আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, ঋণ শ্রেণিকরণের বর্তমান পরিস্থিতি এবং ক্রমবর্ধমান খেলাপি ঋণের পরিমাণ ও হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ পরিস্থিতি মোকাবিলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধানের লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও বাংলাদেশ পুলিশের মধ্যে নিয়মিত ত্রৈমাসিক সমন্বয় সভা আয়োজনের প্রস্তাব দেন বিএবি নেতারা।
তাদের মতে, এ ধরনের নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে খেলাপি ঋণ আদায়, আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়ন এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
বিএবি নেতাদের এ প্রস্তাবে সম্মত হয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে। একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অন্যতম সহায়ক শক্তি।’
তিনি রাষ্ট্রের উন্নয়ন ও ব্যাংকিং খাতে সুশাসন, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক আইনানুগ সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও বিএবির ভাইস চেয়ারম্যান মনজুরুর রহমান, ব্যাংক এশিয়া পিএলসির চেয়ারম্যান ও বিএবির ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন; অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, বিপিএম (সেবা); ডিআইজি (অ্যাডমিন) মো. হুমায়ুন কবীর এবং অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।



