তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজ আনোয়ার ইব্রাহিমের

সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন দুই দেশের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আজ সোমবার দুপুরে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এই মধ্যাহ্নভোজ হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এরপর সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মালয়েশিয়ার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করে ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ গানটি’। দুই প্রধানমন্ত্রীসহ তাদের সহধর্মিণীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান ভবন থেকে নেমে এলে প্রবেশ পথের দুই পাশে মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে শুভেচ্ছা জানান।
এরপর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থাকা গাড়ির সামনে এসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে বিদায় জানালেন।
তারেক রহমান ও জুবাইদা রহমান মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরে শাংগ্রি লা হোটেলে যান। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত কয়েকটি কর্মসূচি রয়েছে।





