শিশুসাহিত্যিক আমিরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন

আমিরুল ইসলাম
শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমিরুল ইসলামের শারীরিক অবস্থা সংকটাপন্ন, তবে তিনি এখনো জীবিত আছেন।
আজ বৃহস্পতিবার সকালে আগামীর সময়কে বিষয়টি জানিয়েছেন তার বড় ভাই কামাল আহমেদ।
আমিরুল ইসলামের শারীরিক অবস্থা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে তার বড় ভাই কামাল আহমেদ বলেছেন, ‘আমিরুল এখনো লাইফ সাপোর্টেই (ভেন্টিলেশন সাপোর্ট) আছে।’
গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায় আমিরুল ইসলাম মারা গেছেন। এ বিষয়ে জানতে রাত ১১টায় যোগাযোগ করা হলে চ্যানেল আইয়ের জনসংযোগ বিভাগ আগামীর সময়কে জানায়, ‘আমিরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। তবে তিনি মারা যাননি। ভেন্টিলেশন সাপোর্টেই আছেন।’
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আমিরুল ইসলামের ভাই কামাল আহমেদ আগামীর সময়কে বললেন, ‘গতকাল রাত থেকে তার মৃত্যুর যে খবরটি ছড়াচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও উড়ো খবর। সোশ্যাল মিডিয়ায় না জেনে অনেকেই এসব প্রচার করেন। আমিরুল তো চ্যানেল আইয়ে কর্মরত। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে চ্যানেল আই তো সবার আগে তা আনুষ্ঠানিকভাবে জানাবে। চ্যানেল আই সংবাদ প্রকাশ করেনি, তাহলে ফেসবুকে কারা এসব ছড়াচ্ছে? আমরা পরিবারের সবাই হাসপাতালেই উপস্থিত আছি। তার লাইফ সাপোর্ট এখনো চলছে। এমন কোনো কিছু ঘটলে আমরা অবশ্যই সঠিক সময়ে সবাইকে জানাবো।’
আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। অবস্থার অবনতি হলে তাকে গত রবিবার রাত ৩টার দিকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমিরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
আমিরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বইই শিশুসাহিত্যের। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।
সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত আমিরুল ইসলাম। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।





