বগুড়া ৬ আসনে বিএনপির রেজাউলের জয়, শেরপুর ৩ এ মাহমুদুল

বগুড়া ৬ আসনে জয়ী রেজাউল করিম (বাদশা) ও শেরপুর ৩ আসনে জয়ী মাহমুদুল হক।
বগুড়া ৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে তিনি জামায়াতের প্রার্থী আবিদুর রহমানকে (সোহেল) পরাজিত করেন।
একই দিনে শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল) জয় পেয়েছেন। ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে তিনি জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে হারান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আসন দুটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত ফলাফলে দেখা যায়, বগুড়া ৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৭ হাজার ১৫৯ ভোট।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিপুল ভোটে জয় পান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ঢাকা ১৭ আসনেও জয়ী হওয়ায় পরে বগুড়া ৬ আসনটি ছেড়ে দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন জানান, ১৫১টি কেন্দ্রে প্রায় ৪৩ শতাংশ ভোট পড়েছে।
শেরপুর-৩ আসনে মোট ১২৯টি কেন্দ্রে (একটি পোস্টাল) ভোটগ্রহণ হয়। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অপর প্রার্থী বাসদের মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এখানে ভোট পড়েছে ৫২ দশমিক ১৯ শতাংশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে তাঁর ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে দলটি নির্বাচনে অংশ নেয়।














