ফরিদপুর মেডিক্যাল
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুই শিশুর। নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৭ শিশু।
এ তথ্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেছে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়।
মৃত ওই দুই শিশু হলো মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীচর এলাকার মো. সেলিমের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিমের ছেলে আয়াতুল্লাহ (৬ মাস)।
হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার রাতে এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে মারা যায় বলে জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ শিশু। এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৮৫ শিশু। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে ১০৩ জন। আর মারা গেছে ৩ শিশু।














