আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও নিয়োগ বাড়ানোর উদ্যোগ

আইএইএর মানবসম্পদবিষয়ক উপ-মহাপরিচালক মার্গারেট ডোয়ানের সঙ্গে মো. আনোয়ার হোসেন ও অন্যান্য কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ সম্প্রসারণের বিষয়ে সংস্থাটির মানবসম্পদবিষয়ক উপ-মহাপরিচালক মার্গারেট ডোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
অস্ট্রিয়ার ভিয়েনায় গতকাল বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে আইএইএতে বাংলাদেশের নাগরিকদের জন্য ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংস্থাটির বিভিন্ন পদে বাংলাদেশিদের নিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি এবং তাদের দক্ষতা বিকাশে আইএইএর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ ও আইএইএর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।



